মানিকগঞ্জে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় বিএনপি’র তিনটি সহযোগী সংগঠনের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ সংলগ্ন শহরের খালপাড় ব্রিজ থেকে শুরু করে শহরের উত্তর সেওতা উদয় সেনা ক্লাব পর্যন্ত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মী। ফলে দীর্ঘদিনের দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকেই তরুণদের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, মো. জিন্নাহ খান, সদস্য সচিব এডভোকেট রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মী।
