ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলো ২০ শিশু

ফন্ট সাইজ:

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু। গত বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের মধ্যে ১৩ জন মেয়ে শিশু ও ৭ জন ছেলে শিশু রয়েছে। ফেরত আসারা- যশোর, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ২০২৪ সালের প্রথম দিকে তারা অবৈধপথে দালালের মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে ভারতের পশ্চিবঙ্গে গিয়েছিল। সেখানে তাদের বাবা-মা বাসা বাড়িতে ও মাঠে কাজ করতো। পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনে পশ্চিমবঙ্গের কিশোলয়-সুরকন্যাসহ ৭টি শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফেরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে তিনটি মানবাধিকার সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন