নারায়ণগঞ্জের ফতুল্লার নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ¦বর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এক অটোরিকশাচালক জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
