রায়গঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় জমি বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে আব্দুল আলীমের ছেলে মো. মমিন হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সলঙ্গা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নলকা ইউনিয়নের আলম চাঁদপুর (সরাবাড়ি) গ্রামে আব্দুল আলীমের বসতবাড়ির সীমানার জায়গা নিয়ে একই গ্রামের হাসান আহমেদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ই মে মমিন, আব্দুর রহমান, আ. আলিম, বিলাস, শ্রাবন্তীসহ অন্যরা আব্দুল আলীমের বসতবাড়ির দক্ষিণে পুকুরের পশ্চিমের রাস্তা সংলগ্ন বিবদমান জায়গার উপর ইরি ধানের খড়ের পালা দেয়ার সময় হাসান গং ১০-১৫ জন রামদা, লোহার রড, সাবল, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে অতর্কিত হামলা চালায়।

এ সময় মমিন, আব্দুর রহমান, আ. আলিম, বিলাস, শ্রাবন্তীসহ বেশ কয়েকজন আহত হয়। আত্মীয়স্বজন ও উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় আব্দুর রহমানের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বাদীর এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন