রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে এক ট্রাক জিরা লুটের অভিযোগে বিএনপি’র এক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে জিরা সরবরাহকারী আমদানিকারক ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুন বাদী হয়ে বাঘা থানায় মামলাটি দায়ের করেন। জিরা লুটের সঙ্গে জড়িত আড়ানী বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুজাত আহমেদ তুফান (৫৫) কে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলায় তুফানের ভাই বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন (৪৫), তাদের দুই ভাগিনা সুইট (২৫) ও শান্ত (২৮) কে আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, এক ট্রাকে ৩০০ বস্তায় ৯ হাজার কেজি জিরা লুটের অভিযোগে পাবনার আমদানিকারক ব্যবসায়ী মিঠুন সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জিরার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ টাকা। এ বিষয়ে জানতে চাইলে আড়ানী পৌর বিএনপি’র আহ্বায়ক তোজাম্মেল হক জানান, তিনি বিষয়টি সুরাহার চেষ্টা করেছেন।
জিরা লুটকারীরা ৩৭ লাখ টাকা পরিশোধের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলেন। ব্যবসায়ী মিঠুন সরদার তা মেনে নিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ গা ঢাকা দিয়েছে। ফলে ব্যবসায়ীকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে, তিনি মামলা করেছেন।
