নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষিকাকে মারধরের ঘটনায় মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত ও তার স্ত্রী কনিকা উষা।
পুলিশ জানায়, স্থানীয় রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস গত ৩রা মে সন্ধ্যায় বাসা থেকে বের হলে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ওই শিক্ষিকার ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
