নোয়াখালীতে ডেন্টাল ল্যাবরেটরিকে জরিমানা

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসাবাড়িতে অনুমোদনবিহীন দাঁতের ল্যাব পরিচালনার অভিযোগে দু’টি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দু’টিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। অভিযানে দেখা যায়, পপুলার ডেন্টাল ল্যাবরেটরি অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়াও সরকারের বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, ছাড়পত্র ও টেকনোলজিস্টদের পেশাগত সনদ ছিল না।

এ অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মা ডেন্টাল ল্যাবরেটরিতে সরকারি অনুমোদন ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় একই আইনে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দু’টির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ডকুমেন্ট হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআই’র ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার এসআই আবদুর রহিমসহ পুলিশের একটি দল অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া পরিচালনার সুযোগ নেই।

অভিযানে দু’টি ডেন্টাল ল্যাবে সরকারি বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন