মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, বিএনপি সরকার মানেই উন্নয়ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই মানুষের জন্য উন্নয়ন করেছে। বুধবার দুপুরে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে অবস্থিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কুলাউড়ার দায়িত্ব কেউ সঠিকভাবে করেননি। পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে আমরা পিছিয়ে। উন্নয়নে পিছিয়ে পড়া কুলাউড়ায় দীর্ঘদিনের জমানো সকল দায়িত্ব এখন আমার উপরে এসে পড়েছে। আমি বিশ্বাস করি, বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে আগামী পাঁচ বছরে কুলাউড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে ৮০-৯০ ভাগ কাজ শেষ করা হবে।
বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হবে। ইতিমধ্যে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজসহ অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার ভবনের জন্য ডিও লেটার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল মানুষের কল্যাণে সমানভাবে কাজ করা হবে। পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সভাপতি মেজর (অব.) মো. নূরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মো. আলাউদ্দিন কবিরের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মো. হানিফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা উলামা দলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, বর্তমান সহ-সভাপতি রাজা মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান চৌধুরী, উপজেলা জাসাসের সদস্য সচিব মো. সালমান হোসাইন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাছুম আহমদ সুমন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে আলহাজ শওকতুল ইসলাম শকু এমপিকে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের শিক্ষকসহ কমিটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন শিল্পী এস ডি সুমন, কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী পূর্ণা সূত্রধর।
