যশোরে সরকারের নির্বাচনী ইশতেহারের কর্মসূচি সম্পর্কে প্রেস ব্রিফিং

ফন্ট সাইজ:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে গতকাল বিকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে ব্রিফিংয়ে জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, স্থানীয় দৈনিকের সম্পাদক ও প্রেস ক্লাব যশোরের নেতৃবৃন্দসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিনের ভোটাধিকারহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন, বিচারহীনতা ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটিয়ে ’২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ’২৬-এর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেছে।

তাই তো প্রধানমন্ত্রীর ঘোষণাÑ ‘করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ’কে ভিত্তি ধরে সরকার অগ্রাধিকার ভিত্তিতে তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে ইতিমধ্যে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ, গুজব ও অপতথ্য মোকাবিলা, মাদক, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ই মে বিকালে যশোর জেলার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেনÑ প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু, নূর ইসলাম তৌহিদ জামান শিকদার খালিদ, জুয়েল মৃধা প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন