রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নেত্রকোণার জারিয়া রেল স্টেশনটি থেকে দুর্গাপুর নাগাদ ১২ কিলোমিটার রেলপথের সম্প্রসারণ করার দাবি বাস্তবায়ন কাজকে এগিয়ে নেয়া হবে। এটি এলাকার জন্য ভালো হবে। রেলের সর্বোচ্চ কর্মকর্তারা সহ নিজে দেখে যাচ্ছি। এই রেলপথ করায় জমি অধিগ্রহণ করাসহ যেসব সমস্যা রয়েছে তা সমাধান করে আন্তঃনগর ট্রেনসহ এই রেলপথ করতে সব করার ব্যবস্থা করা হবে।
বুধবার দুপুরে নেত্রকোণায় পূর্বধলার জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন ও দুর্গাপুর নাগাদ ১২ কিলোমিটার সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে সরজমিন বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। এতে অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। পরে রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে দুর্গাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
