ঝিনাইদহে নারী হোটেল কর্মীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২২) নামে এক নারী হোটেল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের পাগলাকানাই এলাকার সায়াদাতিয়া সড়কের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে। তিনি সপ্তাহ খানিক আগে পাগলাকানাই মোড়ে অবস্থিত ‘আন্তরিক হোটেল’ নামে একটি খাবারের হোটেলে কাজ শুরু করেন।
পুলিশ ও ভাড়া বাসায় বসবাসকারীরা জানায়, গত এক সপ্তাহ আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন খুশি খাতুন।

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলের কাজ শেষে বাসায় ফেরেন ওই নারী। ওই সময় একজনকে নিজের স্বামী পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করেন খুশি খাতুন। পরে বেলা বেড়ে গেলেও খুশি খাতুনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ঘরের বাসিন্দারা তাকে ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে ডেকে আনেন অন্য ভাড়াটিয়ারা। পরে বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা ঘরে প্রবেশ করে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দেয়।

ভাড়া বাসার মালিক বেবি খাতুন বলেন, এক সপ্তাহ আগে টিনশেড বাসার একটি কক্ষ ভাড়া নেন খুশি খাতুন। সোহাগ হোসেন নামে এক রিকশাচালককে নিজের স্বামী পরিচয় দিয়ে তারা দু’জন এক ঘরে বসবাস করতেন। বিয়ের কাগজপত্রের ফটোকপি আমার কাছে জমা দেয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে তার ঘরে গিয়ে মরদেহ দেখতে পেলাম।

নিহত খুশি খাতুনের পাশের ঘরের বাসিন্দা বদর উদ্দিন বলেন, ওই নারীর ঘর থেকে মোবাইল ফোনে একাধিক রিংটোন বাজার শব্দ পাই আমরা। পরে ঘর থেকে মানুষের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিককে ডেকে নিয়ে আসি। ঘরে ঢুকে দেখি মরদেহ মেঝেতে পড়ে আছে। এদিকে ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন, সদর থানার ওসি আসাদউজ্জামানসহ সিআইডি’র ক্রাইম সিন ইউনিট, পিআইবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ধারে তদন্ত চলছে। নিহতের পরিবারের সন্ধান পাওয়া গেছে। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। তাদেরকে খবর দেয়া হয়েছে। নিহতের স্বজনরা সাতক্ষীরা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত খুশির লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন