স্ত্রী হত্যা, স্বামী পলাতক

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের বিশেষ করে দ্বিতীয় বিয়েতে বাধা দেয়ার কারণে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃআঙ্গারু গ্রামে। শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সকল সদস্যরা গা-ঢাকা দিয়েছে। নিহত গৃহবধূ তাসলিমা (২২) বৃআঙ্গারু গ্রামের মমিনের পুত্র উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের কন্যা।

নিহত তাসলিমার বাবা তাহের মণ্ডল এবং এলাকাবাসী জানান, গত ৮ বছর পূর্বে তাসলিমা এবং উজ্জ্বলের বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। স্বামীর দ্বিতীয় বিয়ে করা নিয়ে ঝগড়া-বিবাদ হয়। সেই বিবাদের কারণেই উজ্জ্বল হোসেন তাকে ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়।

ঘটনা জানাজানির পর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন