গরু কিনতে গিয়ে লাখ টাকা খোয়া

ফন্ট সাইজ:

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর গরু-ছাগলের হাটে প্রকাশ্যে ১ লাখ টাকা চুরির ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কোটি কোটি টাকার লেনদেন হওয়া এই হাটে নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কোরবানির গরু কিনতে এসে চুরির শিকার হন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নুরুজ্জামান (৪২)। ভুক্তভোগী জানান, হাটে নজরদারির ব্যবস্থা না থাকার সুযোগে তার পকেটে থাকা নগদ ১ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয় চোরচক্র।

ঘটনার পর পুরো হাট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। নুরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, হাটে হাজার হাজার মানুষের সমাগম হলেও নিরাপত্তার কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি। প্রশাসন ও হাট কর্তৃপক্ষের কঠোর নজরদারি থাকলে হয়তো এ ঘটনা ঘটতো না। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের অভিযোগ, ঈদ সামনে রেখে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে হাটে আসছেন। তাদের দাবি, দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হাটে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন মুঠোফোনে বলেন, যদিও আমি হাটের সঙ্গে জড়িত নই, তবে তদারকি করি। ছেলেদের বলা আছে হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সজাগ থাকতে হবে।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন