এনআইডি সংশোধনে সীমাহীন ভোগান্তি

এনআইডি সংশোধনে সীমাহীন ভোগান্তি

ফন্ট সাইজ:

এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা এককভাবে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকের (ডিজি) হাতে। বয়স সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের নভেম্বর মাসে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসি’র কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণে এখন ভুগছেন সাধারণ মানুষ। বয়সের সামান্য ভুল সংশোধনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে হচ্ছে রাজধানীতে। বেড়েছে সময় ও অর্থের অপচয়। সেই সঙ্গে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। সুনির্দিষ্ট তথ্য না পাওয়া, হয়রানীসহ নানা অভিযোগ ভুক্তভোগীদের।

সরজমিন দেখা যায়, আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে বয়স সংশোধনের জন্য মানুষের ভিড়। কেউ এসেছেন খুলনা থেকে, কেউ এসেছেন, চট্টগ্রাম থেকে, আবার কেউ এসেছেন পঞ্চগড় থেকে। সবার মুখে হতাশা আর ক্লান্তির ছাপ।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে বয়স সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আসেন মো. রুবেল ইসলাম। সার্টিফিকেটের চেয়ে এনআইডিতে বয়স ৬ বছর বেশি। তিনি জানান, ভুল সংশোধন করতে তিনি ৭ বছর ধরে ঘুরছেন। ২০১৯ সালে প্রথম উপজেলা নির্বাচন অফিসে ভুল সংশোধনের জন্য আবেদন করেন। সেখান থেকে নিষ্পত্তির জন্য জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়।

দিনাজপুর জেলা নির্বাচন অফিসে ভুল সংশোধনের জন্য দালালচক্র তার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হলে সংশোধনের বিষয়টি বিভাগে পাঠানো হয়। রংপুর বিভাগীয় নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয়, বিষয়টি নিষ্পত্তির জন্য দিনাজপুর জেলা নির্বাচন অফিসে ফেরত পাঠানো হয়েছে। তারাই নিষ্পত্তি করতে পারবেন। বিভাগীয় অফিসের প্রয়োজন নেই। এরপর তিনি ফের দিনাজপুর জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। সেখানে বিভিন্ন বাহানায় সংশোধন আটকে রাখা হয়।

এরই মধ্যে বয়স সংশোধনের ক্ষমতা এনআইডি মহাপরিচালকের হাতে চলে যায়। এখন দিনাজপুর থেকে ঢাকায় আসতে হয়েছে। একই ধরনের জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরিফুল ইসলামের ক্ষেত্রেও। তার প্রকৃত জন্মসাল ২০০৪ হলেও এনআইডিতে ২০০৮ উল্লেখ রয়েছে। এজন্য তার ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি দেখা দিয়েছে। এই ভুল সংশোধনের জন্য তাকে ব্রাহ্মবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে আসতে হয়েছে ঢাকায়।

ব্রাহ্মণবাড়িয়ার রিতু আক্তারের জন্মতারিখে মাত্র দুই মাসের গরমিল। এই ভুল সংশোধন করতেই তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ভোগান্তির পথ। নির্বাচন কমিশনে এসেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। এক দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে ঘুরছেন তিনি। রিতু আক্তার বলেন, দীর্ঘদিন ধরে এনআইডি সংশোধনের জন্য ঘুরছি। মাত্র দুই মাসের বয়স সংশোধন করতে হবে। এজন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে হয়েছে। প্রথমে কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অফিসে গিয়েছিলাম। পরে আমাকে ঢাকায় আসতে বলা হয়। এখানে এসে বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।

একই চিত্র ষাটোর্ধ্ব আশিক প্রামাণিকের ক্ষেত্রেও। মালয়েশিয়া প্রবাসী ছেলের এনআইডি’র বয়স সংশোধনের জন্য তিনি নাতিকে নিয়ে রাজধানীর নির্বাচন কমিশন ভবনের এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরছিলেন। সময়মতো সংশোধন না হলে ছেলের ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব হবে না জানিয়ে আশিক প্রামাণিক বলেন, আমি মানিকগঞ্জ থেকে ঢাকায় এসেছি। আমার ছেলে রুবেল প্রামাণিক মালয়েশিয়ায় থাকে।

এনআইডিতে বয়স সংশোধন না করলে তার ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না। দেড় মাস ধরে ইসি’র পেছনে ঘুরছি। ছেলের ভিসার মেয়াদ আর মাত্র ১০ দিন আছে। এর মধ্যে সংশোধন না হলে তাকে দেশে ফিরে আসতে হবে। আমাদের পুরো পরিবার তার আয়ের ওপর নির্ভরশীল।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এই ভোগান্তির মূল কারণ নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রবিধান সংশোধন। আগে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও বয়স সংশোধন করতে পারতেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ৩ বছর, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ৫ বছর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ৭ বছর, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ৮ বছর এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ১০ বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারতেন।

ফলে স্থানীয় পর্যায়েই অধিকাংশ আবেদন দ্রুত নিষ্পত্তি হতো। কিন্তু নতুন নিয়মে এই ক্ষমতা এককভাবে মহাপরিচালকের হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। এতে আবেদন নিষ্পত্তি ধীর হয়ে পড়েছে এবং ভোগান্তি বেড়েছে বহুগুণ। তারা বলেন, অর্থ লেনদেনের মাধ্যমে বয়স সংশোধন এবং নাগরিকদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই ক্ষমতা বাতিল করা হয়। অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বয়স সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্রীভূত করায় জট তৈরি হয়েছে। সামনে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে কাছাকাছি সংশোধনের সুযোগ ছিল। এতে সংশোধন আবেদনের প্রবণতা বেশি দেখা যেতো। এখন কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই হওয়ায় এই প্রবণতা কমবে। নতুন এ নিয়মে অনিয়মও কমবে। তবে জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগসমূহ:

saon

১ মাস আগে

''Kharaap Sarkari Chakurijibi''-der 'Baad' dewa hooy naa kanoo ? Bangladesh-e ki 'Degree' pass, 'Masters' pass Manush-er ''Ovaab'' asea naki ?

Mohammad Harun Rashid

১ মাস আগে

বেশিরভাগ ভুল শুরুতেই হয়েছে। জন্ম তারিখ মা বাবার নাম ভুল। নিজের নাম ভুল ইত্যাদি। এই গুলো সংশোধন করতে মানুষ মহা হয়রানির শিকার হচ্ছেন! দূর্নীতির কোন ভাবেই রোধ করা সম্ভব হয়নি!

মাসুদ আলম

১ মাস আগে

যারা বিদেশে থাকে তাদের আগে ছাড় দিতে হবে।পাশাপাশি পুরাে বাংলাদেশের বয়স সংশোধন যোগ্য সৎ দেখে দায়িত্ব ভাগ করা যেতে পারে।যারা অপরাধ করেছে তাদের কে আইনের আওতায় আনা উচিত।

Shahid

১ মাস আগে

একমাত্র দূর্নীতির জন্য হিসাবরক্ষণ অফিস, ভোগান্তি ও আর্থিক ক্ষতির জন্য এনআইডি, জন্ম নিবন্ধন।

লিমা

১ মাস আগে

পয়সা হলে সবই মিলে

আনিস উল হক

১ মাস আগে

জাতীয় পরিচয়পত্র, জমির খতিয়ান এই প্রকল্পগুলো রাষ্ট্র চালু করে বা রাখে জনগণকে নাকানিচোবানি খাওয়ানোর জন্য‌ই বোধহয়!

টগর

১ মাস আগে

এনআইডি সংশোধনে সীমাহীন ভোগান্তি
এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা এককভাবে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকের (ডিজি) হাতে। বয়স সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের নভেম্বর মাসে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসি’র কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণে এখন ভুগছেন সাধারণ মানুষ। বয়সের সামান্য ভুল সংশোধনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে হচ্ছে রাজধানীতে। বেড়েছে সময় ও অর্থের অপচয়। সেই সঙ্গে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। সুনির্দিষ্ট তথ্য না পাওয়া, হয়রানীসহ নানা অভিযোগ ভুক্তভোগীদের।
যে আইন জনগণের পক্ষে যায় সে আইন করেন হয়রানীসহ নানা অভিযোগ ভুক্তভোগীদের।কোন ধরনের বিভাগীয় মামলা থাকবে না সত্যতা পাওয়া যাবে ফৌজদারি মামলা হবে এবং স্থায়ী বহিষ্কার করতে হবে।বিভাগীয় মামলায় যিনি বিচারক থাকবে তার হাতে ছোট ব্যাগ ধরিয়ে দিলে কোনো অনিয়মের সত্যতা পাবে না কোন ধরনের বিভাগীয় মামলা থাকবে না আজ থেকে উঠিয়ে দেবেন।যদি তদন্ত করতে হয় অন্য বিভাগের লোক করবে।বিভাগীয় মামলা উঠিয়ে দিন!এইসব অপরাধের জন্য হবে ফৌজদারি মামলা।ঘুষ এবং দুর্নীতিবাজদের মহামারী হিসেবে ঘোষণা করুন।

Abu Yusuf Khan

১ মাস আগে

প্রবাসীদের NID বানাতে ভোগান্তি আরো বেশি । কারণ দেশে শনাক্তকারীকে অনেক ভোগান্তিতে পোহাতে হয় । আর ঘুষ না দিলে কাজ হয় না । কানাডা এম্বেসী থেকে বলা হয়েছে “শনাক্তকারী আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে সনাক্ত করে সাইন করতে হবে ।” সহজ মনে হয় তাই না ? কিন্তু হয়েছে শুনুন প্রথম দিন : স্যার নাই পরে আসেন । দ্বিতীয় দিন : স্যার এইমাত্র বেরিয়ে গেছে । তৃতীয় দিন : এই ডকুমেন্টস গুলি নিয়ে আসবেন । চতুর্থ দিন : আরো ডকুমেন্টস লাগবে, আর এই ডকুমেন্টস এফিডেভিট করতে হবে । পঞ্চম দিন সিটি কর্পোরেশন অফিসার কাছ থেকে নাগরিকত্ব সনদ লাগবে । অথচ বাংলাদেশ হাই কমিশন থেকে বলা হয়েছে “খুব বেশি হলে আপনার পাসপোর্ট কপি, এসএসসি সার্টিফিকেট, ডিজিটাল বার্থ সার্টিফিকেট চাইতে পারে, আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস ।” আমাকে মনে হয় বাধ্য হয়ে ঘুষ দিতেই হবে । আশা করি বর্তমান সরকার প্রবাসীদের জন্য NID প্রদান আরো সহজ করবে ও বাংলাদেশ অফিসের গিয়ে সনাক্ত করা বাতিল করবে ।

মন্তব্য করুন