পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে সোমবার রাতে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করেছে।
পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সুজিত বসুকে মঙ্গলবার কলকাতার বিশেষ ইডি আদালত ইডি আইনজীবীর অনুরোধ মেনে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ইডি’র অভিযোগ, সব প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না রাজ্যের সাবেক মন্ত্রী। তদন্তে অসহযোগিতা করেছেন। ইডি’র দাবি, এরপর তিনি ছাড়া পেলে অন্যদের সতর্ক করে দেবেন, কারণ, তিনি ‘প্রভাবশালী’ ছিলেন। এর ফলে তদন্ত ব্যাহত হবে। তিনি সাক্ষ্যপ্রমাণ প্রভাবিত করতে পারেন। ইডি’র সওয়াল, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের থেকে যে সব ডিজিটাল তথ্য পাওয়া গেছে, তাতে দেখা গেছে, সুজিত বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছেন দক্ষিণ দমদম পৌরসভায়।
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন বার বার ডেকে পাঠানো হয়েছিল সুজিত বসুকে। সোমবার ডাক পেয়ে তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন। সেখানে তাকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে।
ইডি সূত্রে বলা হয়েছে, জেরায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
