ছোট ছেলেমেয়েদের হাতে মোবাইল তুলে না দেয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তাছাড়া ছোট ছোট ছেলেদের মোটরসাইকেল কিনে দেয়া মানেই দুর্ঘটনার কারণ। এসব বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। গত সোমবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বাস টার্মিনালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমানমন্ত্রী বলেন- মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু পুলিশ প্রশাসনের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের প্রত্যেকটা মানুষকেই সচেতন হতে হবে। মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যাতে উৎসাহিত হয় সে বিষয়ে প্রশাসনের ভূমিকা অনেক বেশি।
প্রত্যেকটা খেলার মাঠ সচল রাখতে হবে এবং খেলাধুলার আয়োজন করতে হবে। ছেলেমেয়েরা মাঠমুখী হলেই মাদকের বিস্তার কমে যাবে। এর আগে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া গাজীখালী নদীর সম্মুখে খাল খনন কাজের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি মানিকগঞ্জেও একাধিক জায়গায় খাল খননের উদ্বোধন করেছিলেন।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। ৮০ দিনের আমাদের এই সরকার দেশের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে দেশব্যাপী উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই খাল খনন সম্পন্ন হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মানিকগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, প্রমুখ।
