মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে সমাবেশ

মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে সমাবেশ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে সরকারি মেডিকেল ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শহরের চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক সবুজ শর্মা, পূজা দেব, শাহ মোস্তফা কলেজ সংগঠক সুরাইয়া হক, রাজনগর সরকারি কলেজ সংগঠক অমন গোস্বামী, কমলগঞ্জ উপজেলা সংগঠক রেদোয়ান আহমেদ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোমেল আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অভিভাবকদের পক্ষ থেকে সসমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খছরু চৌধুরী। সমাবেশ শেষে সরকারি মেডিকেল কলেজ ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রায় ২২ লক্ষাধিক জনগণের বসবাস এই জেলায়। জেলার সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান বলতে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। যা চরম চিকিৎসা সংকটে জর্জরিত।

চিকিৎসা সরঞ্জাম বেশির ভাগ সময় অকার্যকর থাকায় এবং চিকিৎসকসহ প্রয়োজনীয় আয়োজনের সংকট থাকায় রোগীদের সেবাপ্রাপ্তিতে ব্যাঘাত ঘটে। আবার জটিল অবস্থা তৈরি হলে সদর হাসপাতালে চিকিৎসা সম্ভব হয় না এবং চিকিৎসকরা তখন সিলেট বা অন্যত্র চিকিৎসার পরামর্শ দেন। দরিদ্র জনগণের জন্য যা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়। মৌলভীবাজার জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে এই জনপদের জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়ন।

যা আমরা এই সভা থেকেও জোর দাবি জানাচ্ছি। অপরদিকে মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের ঢাকা, সিলেটসহ দেশের অন্যত্র গিয়ে ভর্তি হতে হয়। এতে অনেক শিক্ষার্থীর পরিবারকে অতিরিক্ত আর্থিক চাপ নিতে হয়। এমনকি অনেককে ইচ্ছা থাকলেও উচ্চশিক্ষায় ভর্তি হয় না বা হতেও পারে না।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন