ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দিদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পূর্ব মেড্ডা কোকিল টেক্সটাইল মিল এলাকায় এই মিছিল করে তারা। পরে ঝটিকা মিছিলটি সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কোকিল টেক্সটাইল মিলের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ করে। মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দিদের মুক্তি দাবি করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই-২৪ গণ-অভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
