ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)। আহত আফজাল মিঠু নিহত নুর আলম’র ভাগিনা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নুর আলম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান-ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন আলম।
এসময় হাফেজিয়া এলাকায় পৌছালে পথে দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলম মারা যান। আহত ছেলে ও ভাগিনাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান-দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
