চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধ

ছেলের হাতে বাবা-ভাই নিহত

ফন্ট সাইজ:

দিনাজপুরের চিরিরবন্দরে পৈত্রিক জমির ভাগ নিয়ে বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

নিহতরা হলেন-শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)। স্থানীয় সূত্রে জানা গেছে-উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়ার বাসিন্দা নিহত শহিদুলের দুই সংসার। প্রথম সংসারের স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম।

শহিদুলের বাবা প্রথম পক্ষের দুই নাতি হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দেন। কিন্তু দ্বিতীয় পক্ষের সন্তানরা সেই জমির অংশ দাবি করেন। তবে হাবিল ও কাবিল সেই জমি থেকে কোনো অংশ তাদের দিতে চাননি। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে শহিদুল তার প্রথম স্ত্রীর বড় ছেলে জয়নালকে নিয়ে ভুট্টা ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও সাকিব ইসলাম (২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে বাবা ও ভাইকে এলোপাতাড়ি মারধর করলে একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফলে ঘটনাস্থলেই বাবা মারা যান। গুরুতর আহত জয়নালকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়নালের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতাল মর্গে রয়েছে। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন