বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হচ্ছে

ফন্ট সাইজ:

দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে পরিবর্তন আসছে। শিক্ষা মন্ত্রাণলয় পুরোদমে কাজ করছে। ভিসি নিয়োগের জন্য গঠিত কমিটিতে সিভি জমা দিচ্ছেন শিক্ষকরা। আগামী ২ মাসের মধ্যে অন্তত ১২টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হচ্ছে। আর ঈদের আগেই ঘোষণা আসছে অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ের।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, একইভাবে ধাপে ধাপে অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও ভিসি পরিবর্তনের পরিকল্পনা নেয়া হয়েছে। শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ঘোষণা আসতে যাচ্ছে। দেশজুুড়ে থাকা বেশ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য কাজ করছে মন্ত্রণালয়।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদেও পরিবর্তন আসছে। তথ্যানুযায়ী, এসব বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের পর কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করা হবে।

গত ১লা এপ্রিল দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ৬ সদস্যের এ কমিটিতে সভাপতি করা হয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য (বর্তমানে পদত্যাগ করেছেন) প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)।
কার্যপরিধি অনুযায়ী ভিসি নিয়োগের জন্য এই কমিটি জীবন বৃত্তান্ত যাচাই করে তিনজন ব্যক্তিকে বাছাই করবেন। জানা যায়, ভিসি নিয়োগের বিষয়ে খুবই সচেতনভাবে আগাচ্ছে সরকার। এমনকি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুলক হক মিলনও এসব জীবন বৃত্তান্ত নিরীক্ষা করছেন।

বিএনপি সরকার গঠনের পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রদবদল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয়া হয়। এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এছাড়াও সম্প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসিও নিয়োগ দেয়া হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন