সুুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাবলু গাজী (৪৮) নামের এক মৌয়াল। গতকাল সকাল ১০টার দিকে পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জে কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় তার সঙ্গীরা বাঘের কবল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন শ্যামনগরের বুড়িগোয়ালীনিতে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত বাবলু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. মালেক গাজীর ছেলে।
ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়- গত রোববার দুপুরের দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘ এসে বাবলুর উপর আক্রমণ করে। পরে তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি বাবলুকে রেখে সরে যায়। পরে তাকে উদ্ধার করা হয়।
বাবলুর স্বজনরা জানান-তার শরীরের কয়েকস্থানে গভীর ক্ষত হয়েছে। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা বলেন- সুন্দরবনে নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। তাও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটছে।
