২৪ ঘণ্টার ব্যবধানে আবারো নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে সদর উপজেলার কুতুবপুর লাকিবাজার এলাকায় শওকত আলীর ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- রিকশাচালক আব্দুল কাদের (৫০), তার বড় ছেলে মেহেদী (১৭) মেজো ছেলে রাকিব (১৬) ও ছোট্ট ছেলে শাকিব (১৪)।
জানা গেছে, সকাল ৬টার দিকে একটি বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে বাবা-সন্তানসহ একই পরিবারের চারজন আগুনে ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধদের মধ্যে আব্দুল কাদের মিয়ার ৫৭ শতাংশ ও অন্য সদস্যদের আংশিক দগ্ধ হয়ে। তাদের প্রত্যেককে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
এদিকে গত রোববার সকাল ৭টায় ফতুল্লার ভুইগড় গিরিধারায় গ্রাম বাংলা টাওয়ারের সামনে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় মো. কালাম (৩৫) মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে কালামের স্ত্রী সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংস, কথা ৫২ শতাংশ এবং মুন্নি ৩৫ শতাংশ নিয়ে ভর্তি আছে। তাদের সবার অবস্থা খুবই আশঙ্কাজনক।
