৮০’র দশকে ভারতীয় সরকারের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনিটির পুনরায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা ও জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তেল উত্তোলনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটির আয়োজনে সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সভাপতি একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান, সাংবাদিক এমএ বাসেদ, সোহরাব আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা জানান, ৮০’র দশকে শালবাহান এলাকায় সন্ধান মিলে বৃহৎ এক তেল খনির। কোটি কোটি টাকা ব্যয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তেল উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু রহস্যজনকভাবে এক সপ্তাহের মধ্যেই খনিটি বন্ধ করে দেয়া হয়।
এর আগে, কয়েকবার ভারতীয় হেলিকপ্টার তেল খনির উপর দিয়ে চক্কর দেয়। বিষয়টি নিয়ে ধোঁয়াশা আর নানা কথা ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু ৩৭ বছরেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মিলেনি। চলমান তেল সংকটের মধ্যে নতুন করে আলোচনায় আসে এই তেল খনি। মানববন্ধনকারীরা দ্রুত এই তেল খনি বন্ধের রহস্য উন্মোচন, পুনরায় জরিপ পরিচালনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি জানিয়েছেন। একই দাবিতে তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন।
