জামালপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

ফন্ট সাইজ:

জামালপুর সদর উপজেলার জাগির মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাখাওয়াত হোসেন শাহালীকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতদেরও স্থানীয়রা উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাখাওয়াত বাদী হয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, গত রোববার দুপুরে মির্জাপুর এলাকায় হেলাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সাখাওয়াতের ক্রয়কৃত জমিতে নির্মাণকাজ চলছিল।

এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ইব্রাহিম খলিল বাবু, ফাতেমা বেগম, নুরুজ্জামান, আব্দুল জিলানী, মোশারফ হোসেন মিলনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে এবং পরে সাখাওয়াতকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও কয়েকজনকেও মারধর করা হয়। হামলাকারীরা এ সময় নারীদের শ্লীলতাহানিও করেছে।

এ ছাড়া হামলাকারীরা নির্মাণাধীন ঘরের টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেনÑ এ ঘটনায় পুলিশ মোশারফ হোসেন মিলন নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন