বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে হবে। পাঁচ কোটি মানুষের গণভোটের রায় অস্বীকার করলে দেশে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হবে। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে যারা কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের পরিণতিও সুখকর হয়নি।
রোববার সন্ধ্যায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম (আইইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে একই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সরকার এখনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদকে জুলাই আন্দোলনের চেতনার আলোকে নয়, নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, জুলাই সনদের ১০টি বিষয়ে বিএনপি’র দেয়া ‘নোট অব ডিসেন্ট’ ভবিষ্যতে স্বৈরাচার প্রতিষ্ঠার হাতিয়ার হতে পারে। যদিও দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এসব অবস্থান প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বল এখন জামায়াতের কোর্টে নেই, বল আপনাদের কোর্টে। ভুল করলে সেই বল আপনাদের বারেই ঢুকে যাবে। সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেন, সরোয়ার তুষার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতাসহ বিভিন্ন দলের প্রতিনিধি ও পেশাজীবীরা।
