হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় ১৫ দিন ধরে চলছে তীব্র এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট। তবে কোথাও সীমিত পরিমাণে মিললেও তা বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। হঠাৎ এমন সংকটে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
অনেকেই বাধ্য হয়ে কাঠ ও বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। ভুক্তভোগীরা জানান, গ্যাস না থাকায় রান্না নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে।
এদিকে সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে গ্যাস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। খাবারের দোকানগুলোতেও একই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও মজুত থাকা সিলিন্ডার দিয়ে কোনোভাবে রান্না চালানো হচ্ছে।
গতকাল ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৮০০ টাকা ছিল বলে জানা যায়। আগে যেখানে ১৩০০ টাকার মতো ছিল। এলপিজি গ্যাসের এই সংকট দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকলে পৌরবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গ্রাহক ও ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নজরে এসেছে এবং দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
