শিক্ষক পরিবারের ওপর নির্যাতন ফেনীতে ছাত্রদল নেতা কারাগারে

শিক্ষক পরিবারের ওপর নির্যাতন ফেনীতে ছাত্রদল নেতা কারাগারে

ফন্ট সাইজ:

উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবারের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর মামলায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ব্র্যাক কর্মকর্তা এএসএম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠিয়েছে আদালত। জ্যাকসন ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মর্তুজা ফয়েজের ছেলে ও এনআরবিসি ব্যাংক ফেনী শাখার জুনিয়র অফিসার। সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই আদেশে মামলার আরেক আসামি নিসুপা আক্তারের জামিন মঞ্জুর করেন বিচারক। আদালত সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ই ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, তার স্ত্রী ও মেয়ের ওপর নির্যাতন চালায় জ্যাকসনসহ কয়েকজন। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে আজিজুলের সন্তানসম্ভবা এক মেয়েকে হাত-পা বেঁধে রাখে।

পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের জিম্মি দশা থেকে মুক্ত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা রেকর্ড না করায় আদালতে জ্যাকসন, তার ভাই নাজমুল হোসেন, আবরার আজিম ভূঞা তাইফ ও নিসুপাকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী আজিজুল। এর মধ্যে আবরার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শহীদ সালাম বরকত হলের এজিএস। বিচারক আবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ছাত্রদল নেতা জ্যাকসন ও নিসুপা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে নিসুপাকে জামিন দিলেও এ এস এম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন