সাভারে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির।

এর আগে রোববার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ চাঁদপুরের মো. সুমন মিয়া (৩৮), দিনাজপুরের মো. সবুজ (২৬) এবং ঢাকার জহুরুল হাসান (২০)। র‌্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড তাজা গুলিসহ তিন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়াও তাদের হেফাজত হতে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে ঢাকা জেলার সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন