যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহীন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান- শাহীন মরিচ বিক্রির উদ্দেশ্যে সকালে তোফাজ্জেলের মোটরসাইকেলে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শাহীন ও তোফাজ্জেল প্রাণ হারান। তিনি আরও জানান- নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
