ফেনীর দাগনভূঞায় অপহরণ করে মুক্তিপণ দাবির দুইদিন পর ডোবায় মিলেছে শিশুর লাশ। সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্লাহপুর এলাকার একটি ডোবা থেকে হাসান (১৮ মাস) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু হাসান লক্ষ্মীপুরের কমলনগরের মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।
শিশুটির বাবা জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে একটি ফোন নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত ব্যক্তিরা। দাবিকৃত অর্থ না পেলে হত্যার হুমকিও দেয়। এ নিয়ে পরদিন দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করে শিশুটির পিতা। দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারক চক্রের কাজ। তদন্ত করে হুমকি দেয়া মোবাইল নম্বরটি নওগাঁর বলে জানা গেছে।
