কক্সবাজারের পেকুয়া বাজারের দীর্ঘদিনের যানজট, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।
সোমবার বিকাল ৩টার দিকে পেকুয়া ইউনিয়ন পরিষদে পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা বাজারের সার্বিক পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, পেকুয়া বাজারে প্রতিদিন অতিরিক্ত যানবাহন চলাচল, ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং এবং নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বাজারের প্রধান সড়কে সিএনজি, টমটম ও অন্যান্য যানবাহনের বিশৃঙ্খল অবস্থানের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।
তারা জানান, বাজারকে শৃঙ্খলার মধ্যে আনতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, সিএনজি-টমটম স্ট্যান্ড নির্ধারণ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, “যানজট ও বাজারের বিশৃঙ্খলা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, পেকুয়া বাজারকে শৃঙ্খলার মধ্যে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের স্বস্তির জন্য যা যা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।
পেকুয়া ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ না থাকলে সীমিত জনবল নিয়ে যানজট নিরসন ও ফুটপাত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো না। এটি একটি ঐতিহ্যবাহী বাজার এবং কুতুবদিয়া ও সাবমেরিন ঘাটে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ সড়ক। ফুটপাত উচ্ছেদ হওয়ায় যান চলাচল এখন অনেক সহজ হয়েছে।
