শুভেন্দুর সহকারী খুন

উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের চার দিনের মাথায় প্রথম গ্রেপ্তারের কথা জানা গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা উত্তরপ্রদেশ ও বিহার থেকে ৩ জনকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এসেছেন। আজই তাদের আদালতে তুলে রিমান্ডে নেয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তরে রাতভর এদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, গ্রেপ্তার তিনজনই শার্প শুটার। উত্তরপ্রদেশ থেকে দুজন এবং একজনকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।পুলিশ এই শার্প শুটারদের কে বা কারা দায়িত্ব দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে পারেন, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে কলকাতায় প্রবেশের আগে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে বিহার ও উত্তরপ্রদেশে পৌঁছন তদন্তকারীরা। খুনের পর ভিনরাজ্য়ে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা।

গত বুধবার দমদম বিমান বন্দর ছাড়িয়ে মধ্যমগ্রামে দোহাড়িয়া মোড়ের কাছে চন্দ্রনাথে গাড়ি থামায় একটি চার চাকার গাড়ি। তার পর একটি মোটরবাইক থেকে আততায়ীরা মুহুর্মুহু গুলি চালায় চন্দ্রনাথ ও তার গাড়ির চালকের উপর। চন্দ্রনাথকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আর চালক বর্মানে হাসপাতালে চিকিৎসাধীন।

এই তদন্তে একটি বিশেষ তদন্তকারি দল গঠন করা হয়। পুলিশ চারচাকার গাড়ি এবং দুটি মোটরবাইক উদ্ধার করেছে। খুনের ১ ঘণ্টা আগে পরে এলাকা থেকে কোথায় কোথায় ফোন করা হয়েছে বা কোথা থেকে ফোন এসেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের মোটিভ কী তা ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশের অনুমান, দেড় মাস আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন