কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারী ও শিশুসহ সকল মানুষদের জন্য পর্যাপ্ত সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার কাটকাটা লঞ্চঘাট সংলগ্ন শাকবাড়িয়া নদীর চরে জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় স্থানীয় অধিবাসীরা এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। তারা আরও বলেন, অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না।

পুকুরগুলো শুকিয়ে চৌচির। কোথাও পানি পাওয়া গেলেও তা লবণাক্ত হওয়ায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারীদের সময় ও শ্রম ব্যয় বাড়ছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণ, গভীর নলকূপ, পুকুর খনন ও সংরক্ষণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

উত্তরে বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সাংবাদিক ফরহাদ হোসেন, জেজেএসের এসএমএ মজিদ, মাহিমা আক্তার, ক্লাব প্রতিনিধি মিজানুর রহমান লিটন, মোল্লা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, লস্কর মনিরুজ্জামান, আঞ্জুয়ারা, জলবায়ু কর্মী জাকি মুজাহিদ, সঞ্জয় মণ্ডল, নাসরিন আক্তার প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন