লালপুরে রুশ নাগরিক হেনস্তার ঘটনায় আটক ২

লালপুরে রুশ নাগরিক হেনস্তার ঘটনায় আটক ২

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে একটি বিনোদনকেন্দ্রে দুই রুশ নাগরিককে হেনস্তার অভিযোগে কথিত দুই কনটেন্ট ক্রিয়েটরকে (টিকটকার) আটক করেছে পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলো, রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৯) ও তানোর উপজেলার আড়াদীঘি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলাম (২৩)। জানা যায়, গত শুক্রবার উপজেলার গ্রীন ভ্যালি পার্কে বেড়াতে আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত দুই রুশ নাগরিক।

এ সময় রাজশাহী থেকে আসা ১০-১৫ জন কথিত কনটেন্ট ক্রিয়েটর বিকাল ৩টার দিকে তাদের ঘিরে মোবাইলফোনে ভিডিও ধারণ করে এবং একের পর এক অসৌজন্যমূলক প্রশ্ন করতে থাকে। এতে ওই বিদেশি নাগরিকরা অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। শনিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শনিবার রাতে এ ঘটনায় পার্কের প্রশাসনিক ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ সুপারের নির্দেশনা ও রাজশাহী জেলা পুলিশের সহায়তায় লালপুর থানা পুলিশের একটি চৌকস দল রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, অভিযুক্তদের সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার দেখিয়ে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন