দৌলতপুর সীমান্তে মাইকিং করে বিজিবি’র সতর্কতা জারি, টহল জোরদার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার বিজিবি। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে সতর্কতামূলক প্রচারণা চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মাইকিং করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকাল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কিংবা গবাদি পশুকে ঘাষ খাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বিজিবি’র পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া, নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যেন সীমান্ত এলাকায় অবস্থান না করেন, সে বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার খবর প্রকাশের পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, অতিরিক্ত জনবল মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ মালামাল প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও খোঁজখবরও নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সতর্কতা জারির বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক হলেও সীমান্তে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন