সোনাইমুড়ীতে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার বেলা ১২টার দিকে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনায় ছিলেন মহিন উদ্দীন মোহন। সর্বশেষ, তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও জালিয়াতি মামলার ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে রোববার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, এ মামলার বাদী মিজানুর রহমান।

গত বছরের ১৮ই মার্চ সোনাইমুড়ী থানায় মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে মহিন উদ্দীন মোহনের পক্ষ থেকে মামলাটি ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়েছে। তার দাবি, আনন্দীপুর গ্রামে মাটি পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে যান। এ সময় গ্রাম পুলিশ, স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে রাস্তা মেরামত ও জামানত সংক্রান্ত আলোচনা হলেও তিনি কোনো ধরনের চাঁদা দাবি করেননি।

তিনি আরও দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারাও পুরো ঘটনার সাক্ষী ছিলেন। এ ঘটনায় জয়াগ ইউনিয়ন জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন