নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রোববার সকালে ফতুল্লার ভূঁইগড় গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কের একটি ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়।

শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়।

পরে ভাড়াটিয়াদের কেউ সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ওই ভাড়াটিয়া পরিবারের ৫ জন দগ্ধ হন। বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধ ৫ জনের অবস্থাই আশংকাজনক।

আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ ও কথা ৫২ শতাংশ দগ্ধ হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন