ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক কমান্ডার আলী আব্দুল্লাহি। তিনি বলেছেন, সামরিক অভিযান পরিচালনা ও শত্রুদের মোকাবিলা করতে মোজতবা খামেনির কাছ থেকে নতুন নির্দেশনামূলক পদক্ষেপ পেয়েছি। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ রোববার এই তথ্য জানিয়েছে।
আব্দুল্লাহি বলেন, খামেনি সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন এবং নতুন ও পুরনো পদক্ষেপগুলো অব্যাহত রেখে শত্রুদের জোরালোভাবে মোকাবিলা করার একটি পথ ঘোষণা করেছেন।
ইরানি মিডিয়ার বরাতে গালফ নিউজ বলছে, মোজতবা খামেনি আব্দুল্লাহিকে অভিযান অব্যাহত রাখতে এবং জোরালোভাবে শত্রুদের মোকাবিলা করার জন্য নতুন নির্দেশনা দিয়েছেন।
তবে মোজতবার নতুন নির্দেশনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
আব্দুল্লাহি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইলি শত্রুদের যেকোনো পদক্ষেপের মোকাবিলা করতে প্রস্তুত। শত্রুপক্ষের কোনো ভুলের ক্ষেত্রে ইরানের জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও কর্মকর্তা নিহত হন। সেই দিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন আয়াতুল্লাহ আলির ছেলে মোজতবা। এরপর মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, গুরুতর আহত মোজতবা খামেনি সেরে উঠছেন এবং তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন এবং বিভিন্ন মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে আসছেন না।
