পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা জড়ংধঃড়স-এর সহযোগিতায় এ কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮শে এপ্রিল থেকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে ইউনিটের বিভিন্ন প্রযুক্তিগত ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হচ্ছে।
রসাটমের অটোমেশন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ জঅঝট প্রথম ইউনিটের জন্য পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা সরবরাহ ও স্থাপন করেছে। একইসঙ্গে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাসহ মোট ২২টি সাব-সিস্টেম স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক পরিচালনার সময় যন্ত্রপাতির কার্যকারিতা, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন প্রযুক্তিগত প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। ফলে ইউনিট পরিচালনায় নিরাপত্তা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে গ্লেব মুরাশভ বলেন, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় সব স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ সরঞ্জাম নির্মাণস্থলে সরবরাহ ও কমিশনিং সম্পন্ন হয়েছে। প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় রেখে আমরা এই সিস্টেমে বেশ কিছু প্রযুক্তিগত উন্নয়ন করেছি। প্রথমবারের মতো কমপ্যাক্ট বেঞ্চ-টাইপ নকশার সঙ্গে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহায়তায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মোট দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে।
যার সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্প সংশ্লিষ্টরা জানান-৩+ প্রজন্মের এই রিঅ্যাক্টর প্রযুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। বর্তমানে একই ধরনের ছয়টি ইউনিট রাশিয়া ও বেলারুশে চালু রয়েছে। এ ছাড়া মিশর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনে একই প্রযুক্তিতে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
