খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাঙ্গেমারী এলাকায় তন্ময়ের প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের হবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ পর তিন-চারটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন যুবক একজনকে উপজেলার রাঙ্গেমারী এলাকায় তন্ময়ের প্লটে নিয়ে আসে। সেখানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহতের গলার ডান পাশে কানের নিচে এবং পিঠের ডান পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। তবে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
