নেত্রকোণা জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে আনন্দবাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকিপূর্ণ ফুটব্রিজ ভেঙে সেখানে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আনন্দবাজার মোড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, নেত্রকোণা জেলা শহর এক রাস্তার শহর হওয়ায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সাতপাই এলাকার মানুষের সঙ্গে আনন্দবাজার ও হোসেনপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ডের সহজ যোগাযোগ নিশ্চিত করতে ১৯৯৩ সালে মগড়া নদীর উপর একটি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে শহরের জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান অবকাঠামো দিয়ে যানবাহনের চাপ সামাল দেয়া সম্ভব হচ্ছে না। তারা আরও বলেন, বর্তমানে আনন্দবাজারের ফুটব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একইসঙ্গে ব্রিজটি সরু হওয়ায় যান চলাচলের উপযোগী নয় এবং শহরের যানজট নিরসনেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ফুটব্রিজটি ভেঙে সেখানে আধুনিক ও প্রশস্ত সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
