কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে হামিম (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সঙ্গীদের সাথে পুকুরে সাঁতার কাটতে গিয়ে সে ডুবে যায়। হামিম পৌর এলাকার ভোগপাড়া মহল্লার হুমায়ুনের ছেলে এবং আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ।
বিকালে সঙ্গীদের সাথে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে সঙ্গীরা ডাকাডাকি করতে থাকে। স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাঃ মোখলেছুর রহমান সোহান বলেন, হাসপাতালে আনার পর আমরা মৃত অবস্থায় পাই। তাকে উদ্ধারের পূর্বেই হয়তো তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আফরোজ মারলিজ হাসপাতালে হামিমকে দেখতে যান।
