মন থেকে নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

মন থেকে নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

ফন্ট সাইজ:

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জুনিয়রের জায়গা মিলবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এ নিয়ে নেইমার তথা ব্রাজিল ভক্তদের উদ্বেগের শেষ নেই। এবার তাদের সঙ্গে সুর মেলালেন নেইমারের সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে মন থেকে তিনি নেইমারকে সেলেসাওদের হলুদ জার্সিতে দেখতে চান। আর এই চাওয়ার ক্ষেত্রে তিনি মোটেও ‘নিরপেক্ষ’ নন।

আর্জেন্টাইন পডকাস্ট ‘লো ডেল পোলো’-তে ইউটিউবার পোলো আলভারেজকে দেয়া সাক্ষাৎকারে নেইমারের প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ করেন মেসি। বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) দীর্ঘ ছয় বছর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এই দুই বন্ধুর রসায়ন এখনও অটুট। বর্তমানে চোট কাটিয়ে সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ পরিকল্পনায় তার জায়গা পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। নেইমারের দলে থাকা প্রসঙ্গে মেসি বলেন, ‘আমরা সবসময় চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক না কেন, সে সবসময়ই সেরাদের একজন। তবে নেইমারের ক্ষেত্রে আমি মোটেও নিরপেক্ষ হতে পারছি না। সে আমার খুব কাছের বন্ধু, আমি মন থেকে চাই সে বিশ্বকাপে থাকুক।’

মেসির ভাষ্যমতে, নেইমার কেবল একজন ফুটবলার হিসেবেই নন, মানুষ হিসেবেও অনন্য। আর্জেন্টাইন জাদুকর বলেন, ‘ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমার যে অর্থ বহন করে, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা দারুণ ব্যাপার হবে। সে অত্যন্ত সহজ-সরল ও প্রাণবন্ত। কে কী ভাবলো তা নিয়ে সে মাথা ঘামায় না, নিজের মতো করে জীবন উপভোগ করতে জানে।’

২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার (৭৯)। সেলেসাও কোচ আনচেলোত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট হলে তবেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলবে। গত বছর দুই দফায় হাঁটুতে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে আছেন এই ফরোয়ার্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন