রাজধানীতে আরও চারটি থানা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বলেন, এই চারটি থানার মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। বাকি তিনটির কাজ চলছে। গতকাল রাজধানীর ৩০০ ফিটে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশের আবাসন ব্যবস্থাসহ থানা ও ফাঁড়ি তৈরির কার্যক্রম তুলে ধরে মো. সরওয়ার বলেন, গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনব্যবস্থা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের এক হাজার ৬০০ ও ডেমরা পুলিশ লাইনে এক হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইনসে ২০ তলা একটি ব্যারাক আছে, যা আমরা গত মাসে উদ্বোধন করেছি। এতে ছয়তলা পর্যন্ত ব্যারাকে দুই হাজার ২০০ ফোর্স থাকবে। পূর্বাচলে ২০তলা একটি ভবন আছে পুলিশ সদর দপ্তরের। ওইখানে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকছে ৮০০ থেকে ৯০০।’
কমিশনার বলেন, দিয়াবাড়ীতে পুলিশ লাইনস আছে ১০ একর জায়গায়। ওইখানেও ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ শিগগির নিয়ে যাব। এই ১০ একর জায়গায় আবাসন বর্ধিত করছি। বছিলা পুলিশ লাইনসে আগে তেমন কিছু ছিল না। গত কয়েক মাসে বছিলা পুলিশ লাইনসে ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে। এমটিও ওয়ার্কশপ যেটা রাজারবাগ পুলিশ লাইনসে তা ভিড়পূর্ণ, সেটা আমরা স্থানান্তর করে নিয়ে যাচ্ছি, স্থানান্তরের কাজ চলছে। ওইখানে ১৫০ থেকে ২০০ পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। ডিএমপি’র একটি মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে। এটাও গত বছর বছিলায় উদ্বোধন হয়েছে। ওটার কাজ চলছে। আর চতুর্থ হলো, বছিলাকে পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন।
এভাবে আমাদের আবাসন বৃদ্ধি করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় আরও দু’টি পুলিশ ফাঁড়ি আছে। রায়েরবাজারে একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আরও শক্তিশালী করবো। রায়েরবাজারে একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগির পাস করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি আমরা। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করবো। তিনি বলেন, খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পাইনি।
পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করবো। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া, পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।
