খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাহিনুর আক্তার নামে (২৪) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকায় নিজ বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। নিহতের স্বামী আবুল কালামের দাবি- দু’জনের হাতেই কোদাল ছিল, ধস্তাধস্তির একপর্যায়ে উভয়ের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনুর মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, সামান্য বাকবিতণ্ডায় এত বড় ঘটনা ঘটে যাবে তিনি বুঝতে পারেননি। নিহত মাহিনুর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও তিনি দুই শিশু সন্তানের জননী। কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে। নিহতের বাবা আবু তাহের বলেন- তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার কঠোর শাস্তি দাবি করেন তিনি। মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ জানান- খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
