আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন-পীড়নে অর্থ জোগান, নাশকতায় উস্কানি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ডিজিএফআই’র সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কোতোয়ালি থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ৩ দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমনে অর্থ জোগানের অভিযোগে আফজাল নাছেরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

এর আগে আদালতের অনুমতিতে তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অর্থের উৎস, তা কোথায় ও কীভাবে ব্যয় করা হয়েছে এবং মামলার মূল রহস্য উদ্‌ঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রিমান্ড আবেদনের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, সঠিক নাম-ঠিকানা সংগ্রহ এবং মামলার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে আফজাল নাছেরকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এদিকে আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদন বিষয়ে শুনানি শেষে আদেশ দেবেন বিচারক।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন