ভারত সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। শুক্রবার বিজয়নগর উপজেলার নলগুড়িয়া, মেরাশানী, কাশিমপুর, বিষণপুর কালাছড়া, শেজামুড়, বামুটিয়া, ধোরাবালসহ আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সীমান্ত পথে যেন কোনো অবৈধ অনুপ্রবেশ বা মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান-সীমান্ত এলাকায় বিজিবি’র টহল আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। সন্দেহজনক কাউকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তায় সাধারণ মানুষও সহযোগিতা করছেন।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন- দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। এ সময় তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করে বলেন, স্থানীয়দের সহযোগিতা বিজিবির কার্যক্রমকে আরও কার্যকর করছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
