রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ই মে) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর কোনাবাড়ী রূপজান টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত দেলোয়ার রংপুর পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে। মামলার বরাত দিয়ে তিনি বলেন, বাদীর ৯ বছর বয়সী নাবালিকা কন্যা শিশু আসামি দেলোয়ার হোসেনের ‘মা কোচিং সেন্টার’ নামে একটি কোচিংয়ে পড়াশোনা করতো। গত রমজান মাসে আসামি দেলোয়ারের স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভুক্তভোগী ওই শিশুকে কুপ্রস্তাব দেয়া শুরু করে। গত রমজান মাসের ৫ম রোজার দিনে দেলোয়ার ওই শিশুকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ফলে শিশুটি অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার মা কি হয়েছে জিজ্ঞেস করলে শিশুটি ভয়ে কিছু বলেনি। এরপর থেকে ওই শিশুকে আসামি একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯শে এপ্রিল বিকাল ৪টার দিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা কোচিং সেন্টারে প্রবেশ করলে আসামি পালিয়ে যায়। পরে গত ২২শে এপ্রিল শিশুটির মা বাদী হয়ে পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
