পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ১৩ই মে বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১শে মে বৃহস্পতিবার থেকে। এবারো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হবে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে, ইতিমধ্যেই দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩শে মে যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ই মে। ১৪ই মে বিক্রি হবে ২৪শে মে’র টিকিট। একইভাবে ১৫, ১৬ ও ১৭ই মে যথাক্রমে ২৫, ২৬ ও ২৭শে মে’র ঈদযাত্রার টিকিট বিক্রি করা হবে। টিকিট বিক্রির সময়সূচিতে পরিবর্তন আসেনি।
প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের অর্থাৎ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চল অর্থাৎ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। কেনা টিকিট ফেরত দেয়ার সুযোগ থাকবে না। এ ছাড়া যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে, তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
ঈদ উপলক্ষে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন: ঈদে যাত্রী চাহিদা সামাল দিতে ১০টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে তিস্তা স্পেশাল এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর স্পেশাল। ট্রেন দু’টি ২৫শে মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিনদিন চলাচল করবে। এ ছাড়া ২৪ থেকে ২৬শে মে পর্যন্ত ঈদের আগে এবং ঈদের পর আরও তিনদিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে পার্বতীপুর স্পেশাল। ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহমুখী যাত্রী পরিবহনের জন্য অন্য চারটি বিশেষ ট্রেন ঈদের দিন চলবে। কোরবানির পশু পরিবহনের জন্য চালানো হবে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। ২২ ও ২৩শে মে এসব ট্রেন দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু: ওদিকে, ঈদুল আজহাকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি।
বাস ও ট্রাক মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে। ২১শে মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অর্থাৎ ৮ই মে যাত্রীরা ২১শে মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পেরেছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে।
